• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মাগুরায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন / ৪
মাগুরায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ “মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা পালবাড়ী বটতলা এলাকায় ‘অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়নের ৯০টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি “মাদককে না বলুন” আহ্বানে সাড়া দিয়ে এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

​এ ছাড়া ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
​সংগঠনটির সভাপতি ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদের সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।