

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। এর অংশ হিসেবে খুলনার ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস।
মন্দির পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন। এ সময় তিনি জানান, গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে এসআরবি-৬।
নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রমও চালানো হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এসআরবি-৬ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, পূজা উদ্যাপন কমিটি, সাধারণ জনগণ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
উৎসবের আনন্দ ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :