

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে বিশেষ বাস সেবা চালু করেছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এই বিশেষ বাস সেবা পরিচালিত হবে।
বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিশেষ বাস চালু করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। এই সেবার জন্য শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
দীর্ঘদিন ধরেই বিআরটিসি ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামে বিশেষ বাস সেবা চালু করে। এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি রয়েছে। ফলে সড়ক পথে চাপ বাড়বে। এ জন্যই সড়ক মন্ত্রণালয় বিশেষ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সেবার জন্য ২০০ বাস নির্ধারিত করেছে বিআরটিসি। এসব বাসের মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলাসহ সব ধরনের বাসই থাকবে। যাত্রী চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা আছে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ সেবার বাসের বেশির ভাগই রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। যে সব গন্তব্যে পূজার বিশেষ বাস যাবে এর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম। এর বাইরে এক জেলা থেকে অন্য জেলাতেও কিছু বিশেষ সেবার বাস চলবে।
এই বিশেষ বাস সেবার জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস সার্বক্ষণিক রাখা হবে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিসের সেবা গ্রহণ এবং এই সার্ভিস–সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শুকদেব ঢালী বলেন, বিআরটিসি নিয়মিত ভাবে ২০০–এর বেশি রুটে বাস পরিচালনা করে। নিয়মিত বাসের বাইরে পূজার বিশেষ বাস পরিচালনা করা হবে। লম্বা ছুটির কারণে সড়কে চাপ হতে পারে। এই বিবেচনায় সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকেই বিশেষ সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :