

খুলনা ব্যুরোঃ খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় মণ্ডলকে কয়েকজন দুর্বৃত্ত জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে প্রায় এক ঘণ্টা পর তাকে নিজ কার্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে তন্ময় মণ্ডলকে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তৎপরতা শুরু করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।
ঘটনার পর তন্ময় মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা লিখিত অভিযোগ দিতে পারেননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল—তা অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি রহস্যজনক হওয়ায় তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর সাব-রেজিস্ট্রি অফিসসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :