

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল ২নং চর ঝাউকান্দা ইউনিয়নের বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৪ শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ ও নদীভাঙন রোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
২নং চর ঝাউকান্দা ইউনিয়নে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা এবং ২নং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্য সচিব ভিপি বাদশা, মোস্তফা কবির, এস এম ফরহাদ, ইয়াকুব আলী, ফারুক হোসেন মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, গোলাম মোস্তফা, রহমত দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা ও ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা, যাতায়াত ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ২নং চর ঝাউকান্দায় একটি ক্লিনিক, ইউনিয়ন বোর্ড অফিস, খেলার মাঠ, রাস্তাঘাট নির্মাণ, রাতে জরুরি রোগীদের নদী পারাপারের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানান তারা । পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের চরে আসতে পারিনি। আপনারা আমাকে সরাসরি না দেখেও নেতাকর্মীদের কথায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের চরাঞ্চলের দুঃখ-দুর্দশা লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, ২নং চর ঝাউকান্দার উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চরাঞ্চলের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে চাহিদাপত্রের মাধ্যমে তার কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি, যাতে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায়।
নদীভাঙন রোধের বিষয়ে সংসদ সদস্য বলেন, আগামী বছর নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠান শেষে ২নং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন সংসদ সদস্য ও অতিথিরা।
আপনার মতামত লিখুন :