

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অটো রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার ( ১০ অক্টোবর ) সকাল ৯টার দিকে উপজেলার লোহাটেক গ্রামের মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন সিরাজ মাতব্বর (৫০), লিমন শিকদার (২২), আরিফ শেখ (১৫), রায়হান শেখ (৩৫) ও সুমি আক্তার (২০) ।
আহতদের মধ্যে সিরাজ মাতব্বর, লিমন শিকদার, আরিফ শেখ ও রায়হান শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত সুমি আক্তারকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে লোহাটেক গ্রামের মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে পাকা সড়কেরে ওপর একটি অটো রিক্সা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনে থাকা ৬ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চরভদ্রাসন ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটো রিক্সা ও মোটরসাইকেলটি জব্দ করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :