

আজিজুল ইসলাম, শার্শা, যশোরঃ যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান সড়কের পাশের রেইনট্রি কড়ইগাছে ধাক্কা দিয়েছে। এতে কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন (৩৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক রানা (৪০)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক রানা একই জেলার ধুনট থানার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাভারণ থেকে সাতক্ষীরাগামী মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানটি খাজুরা জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নিহত আরিফ হোসেনের মরদেহ নিয়ে চালক রানা নিজ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেলেও এ বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার পাল জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানাহেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :