• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্ব : যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও আহত


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন / ১১
মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্ব : যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও আহত

এম,এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হায়দার মুন্সি (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ছোট ভাই সুজন মুন্সি (২৬) আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজিলখাঁর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ওই গ্রামের মৃত ধলা মুন্সির ছেলে। গুরুতর আহত হায়দার মুন্সি পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক। তাঁর দুটি হাত ও একটি পায়ে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের পরিবারের অভিযোগ, একই গ্রামের ইসলাম মন্ডলের ছেলে কালাম মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল হায়দার মুন্সির। প্রায় তিন বছর আগে একটি মামলায় কালামের পক্ষে সাক্ষ্য না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে শনিবার সন্ধ্যায় ডেকে নিয়ে কালামের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সন্ত্রাসী চাপাতি ও রামদা দিয়ে হামলা চালায়।

আহত সুজন মুন্সি বলেন, খবর পেয়ে ভাইকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা একটি বাড়ি থেকে হায়দারকে বের করে আবারও কুপিয়ে তাঁর হাত-পা বিচ্ছিন্ন করে।

তিনি আরও অভিযোগ করেন, কালাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর ভাই সত্য কথা বলার কারণেই এ হামলার শিকার হয়েছেন। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

হাসপাতালে এ সময় আহতদের মা নিলু খাতুন আহাজারি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ নৃশংস ঘটনা ঘটেছে। আহত হায়দার মুন্সির মা নিলু খাতুন বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছে মামলা নং ১৫ তারিখ ২৫/০৪/২০২৬ ইং পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।