• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দর্শকমহলে প্রশংসিত রাহাত নলীর ‘প্রেমের দহন’


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন / ২৬৭
দর্শকমহলে প্রশংসিত রাহাত নলীর ‘প্রেমের দহন’

বিনোদন ডেস্কঃ তরুণ নির্মাতা রাহাত নলী’র পরিচালনায় নির্মিত নাটক ‘প্রেমের দহন’ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাম বাংলার দুই তরুণ-তরুণীর নিখাদ প্রেম, সামাজিক বৈষম্য এবং বাস্তব জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

নাটকের গল্পে দেখা যায়, বেকার যুবক রাতুল চাকরির খোঁজে সংগ্রাম করছে। অন্যদিকে তরী এলাকার প্রভাবশালী পরিবারের আদরের মেয়ে। শুরুতে তরী একতরফাভাবে রাতুলকে ভালোবাসলেও পরে রাতুলও তার প্রেমে পড়ে যায়। তবে তাদের ভালোবাসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তরীর বড় ভাই ও সমাজের উঁচু-নিচু জাতের বৈষম্য। এসব বাধা পেরিয়ে এগিয়ে চলে তাদের প্রেমের সংগ্রাম।

পরিচালক রাহাত নলী বলেন, “রাতুল ও তরীর ভালোবাসা পূর্ণতা পাবে কি না, তা জানতে হলে দর্শকদের পুরো নাটকটি দেখতে হবে।” তিনি আরও জানান, নাটকটির মাধ্যমে সমাজের বাস্তবতা এবং জাতিগত বৈষম্যের মাঝেও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নাটকটি বর্তমানে ‘বিগ বস ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আপন চৌধুরী, তাবাসসুম মারিয়া, মিলন ভট্টাচার্য, শিখা মৌ সহ আরও অনেকে।

নাটকটির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি করেছেন ডিওপি মহি শান্ত। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক রাহাত নলী নিজেই এবং সংলাপ লিখেছেন সুব্রত বিশ্বাস।

একজন তরুণ নির্মাতা হিসেবে দর্শকদের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের মতামতকে গুরুত্ব দেন বলে জানান রাহাত নলী। ভবিষ্যতে আরও মানসম্মত ও ব্যতিক্রমী কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।