• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি : মুগ্ধ বেকারিকে জরিমানা


প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:২০ অপরাহ্ন /
মাগুরার মহম্মদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি : মুগ্ধ বেকারিকে জরিমানা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিএসটিআই লাইসেন্স না থাকার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১১ মে, ২০২৬) উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পূর্ব নারায়নপুর এলাকায় তদারকিমূলক অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ‘মেসার্স মুগ্ধ বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় এসব অপরাধের দায়ে মুগ্ধ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের আইন পরিপন্থী কাজ না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বেকারি পণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম।