• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

মাগুরায় ঘাস কাটার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু : এলাকায় আতঙ্ক


প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন / ১১
মাগুরায় ঘাস কাটার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু : এলাকায় আতঙ্ক

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ৫নং দরিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজ উদ্দীন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন আজাদ মৃধা। ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। আহত অবস্থায় বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার নামে সময়ক্ষেপণ করায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত দরিয়াপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দরিয়াপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, সম্প্রতি এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আজাদের এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিষধর সাপ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।