

রংপুর অফিসঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা হরেন্দ্র নাথ মহন্ত নামের এক বৃদ্ধ গত শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে হরেন্দ্র নাথ মহন্ত কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা, বাজারসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, হরেন্দ্র নাথ মহন্ত মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তারা আশঙ্কা করছেন, তিনি হয়তো পথ ভুলে অন্য কোথাও চলে গেছেন কিংবা কোনো অজানা স্থানে অবস্থান করছেন। বয়সজনিত কারণ ও শারীরিক দুর্বলতার কারণে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।
নিখোঁজ হওয়ার সময় তার মাথা কামানো বা ন্যাড়া ছিল। পরনে ছিল বেগুনি রঙের চেক লুঙ্গি এবং গোলাপি রঙের চেক হাফ শার্ট। এছাড়া তার পায়ে কোনো জুতো ছিল না। পরিবারের সদস্যরা জানান, এসব বৈশিষ্ট্যের কারণে তাকে শনাক্ত করা সহজ হতে পারে। তাই কেউ তাকে কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির ছেলে বাদী হয়ে গত ৩০ এপ্রিল মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯১৯) দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের হতাশা বাড়ছে।
হরেন্দ্র নাথ মহন্তের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তারা নতুন আশায় বিভিন্ন স্থানে খোঁজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজ সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকেও বিষয়টি অবহিত করা হয়েছে। অনেকেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, তবে এখনো কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি হরেন্দ্র নাথ মহন্তের সন্ধান দিতে পারেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং দ্রুত তাকে খুঁজে পেতে সবার কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন।
সন্ধান পেলে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে— ০১৩০৭-৩৯১৬১৬ এবং ০১৭১৯-৪৬২৯৩১।
নিখোঁজ ব্যক্তির ঠিকানা: কৃষ্ণপুর, মিঠাপুকুর, রংপুর।
আপনার মতামত লিখুন :