

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাইকোর্টের আদেশে পূর্ণ বহাল দুই ইউপি চেয়ারম্যান।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঐ দুই চেয়ারম্যান দীর্ঘ ২২ মাস সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে অনুপস্থিত ছিলেন।
হাইকোর্টের আদেশে আবারও দায়িত্বে ফিরেছেন মধ্যনগর উপজেলার ৩নং চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর খসরু এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার।
জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাদের পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো.আলমগীর খসরুকে চামারদানী ইউনিয়ন পরিষদ এবং সঞ্জিব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই চেয়ারম্যানই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।
পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন তাদের পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়। এর ফলে বৃহস্পতিবার (১৮জুন) সকাল থেকে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে ।
আপনার মতামত লিখুন :