

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাদ্রাসার ফ্যানের বৈদ্যুতিক তার এবং কবরস্থানের পানির মোটর চুরি করে নিয়ে গেছে।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রহিমদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে একদল চোর মাদ্রাসায় প্রবেশ করে। প্রথমে তারা পুরো মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মাদ্রাসার শ্রেণিকক্ষ ও মসজিদে ঢুকে প্রায় ২০টি ফ্যানের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। এছাড়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের একটি কক্ষ থেকে পানি তোলার মোটরও চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে মাদ্রাসার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জুবায়ের বলেন, রাত প্রায় ৩টার দিকে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে। এ সময় পুরো মাদ্রাসা অন্ধকার দেখতে পাই। প্রথমে লোডশেডিং মনে করে নামাজ আদায় করেন। পরে খোঁজ নিয়ে মাদ্রাসার বিভিন্ন স্থানে চুরির আলামত দেখতে পাই এবং বিষয়টি বড় হুজুরকে জানাই।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এর আগেও একই মাদ্রাসায় অন্তত তিনবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :