• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত


প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১১:০১ অপরাহ্ন / ৬৩
কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কাটার অভিযোগে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (২১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা বিলে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ নং ধারার অপরাধে অভিযুক্ত রথীন বৈদ্য (৩৫) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। রথীন বৈদ্য সাদুল্লাপুর ইউনিয়নের রঞ্জিত বৈদ্যের ছেলে। এছাড়াও একই অপরাধে পিঞ্জুরি ইউনিয়নের ফজর আলী বিশ্বাসের ছেলে আবুল আহাদ বিশ্বাস (৩৫) কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।

ফসলি জমি রক্ষার্থে গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন।