

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোয়ালঘুন্নী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় আলামিন নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলামিনের বাড়িতে তল্লাশি চালান। এ সময় আলামিন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তল্লাশির সময় বাড়ি থেকে কয়েকটি খালি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের জানিয়েছেন যে আলামিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া অতীতে টেকনাফ এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের সময় তিনি আটক হয়ে কারাভোগ করেন এবং পরে জামিনে মুক্তি পান বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় অনেকেই ধারণা করেছিলেন আলামিন বিদেশে অবস্থান করছেন। তবে পরে তিনি এলাকায় ফিরে এসে বিদেশ থেকে ফিরে আসার কথা বলে স্থানীয়দের কাছে নিজ অবস্থান ব্যাখ্যা করেন।
এদিকে, আলামিনের বাড়িতে সম্প্রতি বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করা হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা তার বাড়িতে তালা ঝুলিয়ে দেন। বর্তমানে আলামিন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আলামিনের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো তদন্তসাপেক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।
আপনার মতামত লিখুন :