

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৭ জুন) মাগুরা সদর থানাধীন বরনাতুল বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাগুরা সদর থানার বরনাতুল বেপারীপাড়া এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ ইজাজুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার মৃত রুস্তম ইসলামের ছেলে মোঃ নয়ন ইসলাম (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন বরনাতুল বেপারীপাড়া এলাকায় রবিউল হোসেনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর ডিবি পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা ডিবি পুলিশের ওসি মোঃ কাওছার আলম। অভিযানে আরও অংশ নেন এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :