• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন / ২৪
নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনা অফিসঃ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়েরমহল মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হারুন সেপাইয়ের ছেলে বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী একই এলাকার টুটুল সরদারের ছেলে রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।

র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় সরদার ইউসুফ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়নকক্ষের কার্নিশে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বিল্লাল সিপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা এবং হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

আটকের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।