

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি কে সামনে রেখে গোপালগঞ্জে ভার্চুয়ালি মিটিং সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর সভার সম্মেলন কক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য কে.এম. বাবর।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও পৌর প্রশাসক ফারিহা তানজিন, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার ও পৌর প্রশাসকের কার্যসহায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিবুল ইসলাম, সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি), ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম মোল্যা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
জেলায় প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে সাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।
এদিকে ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা আনতে এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে দেন। কমিটি তালিকা যাচাই-বাছাই ও স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় টিসিবি পণ্য বা নির্দিষ্ট সরকারি অনুদান (২৫০০/ টাকা) পাবেন। সুবিধাভোগী নির্দিষ্ট এলাকা বা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের বর্তমান অবস্থা ও তালিকা সম্পর্কে জানতে সরাসরি গোপালগঞ্জ জেলা প্রশাসন অথবা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
সারা দেশে তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকলেও গোপালগঞ্জে এবারই প্রথম শুরু হয়েছে যা পর্যায়ক্রমে সমস্ত জেলাব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :