• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে পুলিশের বিরুদ্ধে কাশিয়ানী ভূমি অফিস থেকে সাবেক এক সেনা সদস্যকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন / ৯১
গোপালগঞ্জে পুলিশের বিরুদ্ধে কাশিয়ানী ভূমি অফিস থেকে সাবেক এক সেনা সদস্যকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পুলিশের বিরুদ্ধে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয় থেকে সাবেক এক সেনা সদস্যকে আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জোর করে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ হেফাজতে নেওয়া ওই ব্যক্তির নাম রোবায়েত আলম @ মিশর (৪২) সে সাবেক সেনা সদস্য ও স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন বলে জানা গেছে।

কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে নেওয়া রোবায়েত আলম @ মিশরের প্রায় সাত (০৭) মাস পূর্বে দায়েকৃত একটি জমির মিউটেশন বাতিলের আবেদনের শুনানি (মিস কেস- ৫৯/২০২৫ — ২০২৬) আজ মঙ্গলবার কাশিয়ানী সহকারী কমিশনার ভূমি অফিসে ধার্য্য ছিলো। সে লক্ষ্যে সকালেই তিনি সহকারী কমিশনার (ভূমি) অফিসে শুনানির জন্য হাজিরা দেন। পরে দুপুর সোয়া ১ টার দিকে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পাপিয়া সুলতানা লিজা -এর কক্ষ থেকে শুনানি শেষে বের হলে পূর্বথেকেই (সাদা পোশাকে) এস আই সুব্রত ও পোশাক পরিহিত এস আই রানা সহ সঙ্গীয় অন্যান্য ফোর্স তাকে জোর করে পুলিশের গাড়িতে তুলে কাশিয়ানী থানায় নিয়ে যান।

এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক সেবা গ্রহীতারা তাকে তুলে নেওয়ার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের নিকট জানতে চাইলে বা তার বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি-না? পুলিশ সন্তোষজনক কোন উত্তর তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। বলছে থানায় ওসি সাহেব নিয়ে যেতে বলছেন, আপনারা থানায় আসেন জানতে পারবেন।

পুলিশের হেফাজতে নেওয়ার সময় ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য রোবায়েত আলম @ মিশর জনসমক্ষে চিৎকার করে বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে কোন মামলা নেই, আমার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা নেই, আমার সাথে জমি সংক্রান্তে বিরোধের জেরে প্রতিপক্ষের হয়ে তদবির করছেন বর্তমান এমপি সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের বড় ভাই হাফিজ মোল্লা ও তার ছেলে বাপ্পী মোল্যা তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করাচ্ছে। হয়তোবা মিথ্যা রাজনৈতিক মামলায়ও দিতে পারে। তবে এমপি সেলিমুজ্জামান সেলিম ভাই একজন খুবই ভালো মানুষ। হয়তোবা তিনি এগুলো জানেন না যে, তার ভাই ও ভাতিজা বিবাদীদের পক্ষ নিয়ে অন্যায় ভাবে এগুলো করছেন।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ডিউটি অফিসার এ.এস.আই অনুপমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হেফাজতে নেওয়া রোবায়ায়েত আলম @ মিশর এর বিরুদ্ধে কোন মামলা হয়েছে কিনা আমার জানা নেই। ওসি স্যারের সাথে যোগাযোগ করুন। তবে থানায় গিয়ে ওসি সাহেবকে না পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

এদিকে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের মধ্য থেকেই পুলিশ বিনা ওয়ারেন্টে সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী রোবায়েত আলম @ মিশরকে জোর করে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতি ও এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে বাহিরে বের হওয়ার পরে তাকে হেফাজতে নিলেও পুলিশ নিতে পারতেন কিন্তু তারা তা না করে এই আদালত চত্বর থেকেই তাকে তুলে নেওয়ায় আইনের প্রতি অশ্রদ্ধা ও অসম্মান জানানো হয়েছে। যা গণতান্ত্রিক দেশে কারোরই কাম্য নয়।