

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি দ্রুতগতির বাস জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি দ্রুতগতির ট্রাক চলে আসলে এ সংঘর্ষ ঘটে।
এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সার্বিক সহযোগিতা করছেন। সাধারণ জনগণ রোগীদের পাশে দাঁড়িয়ে আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে একের পর এক সড়ক দুর্ঘটনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় যাত্রী সাধারণ দের মাঝে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীসহ সড়ক সংশ্লিষ্ট সচেতন মহল।
আপনার মতামত লিখুন :