• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে তরুণ প্রজন্মের উদ্যোগে জুবিল্যান্ট রেঞ্জার্সে এসোসিয়েশন পুনরুদ্ধার


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন / ২৮
গোপালগঞ্জে তরুণ প্রজন্মের উদ্যোগে জুবিল্যান্ট রেঞ্জার্সে এসোসিয়েশন পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা সদরের ব্যাংকপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জুবিল্যান্ট ক্লাব দীর্ঘদিনের অচলাবস্থা ও অবহেলার পর স্থানীয় তরুণ প্রজন্ম এবং এলাকার বিশিষ্টজনদের উদ্যোগে পুনরুদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির পুনরুদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাবেক কমিটির উদাসীনতা, সাংগঠনিক দুর্বলতা এবং ব্যক্তিস্বার্থের কারণে একসময় এলাকার সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জুবিল্যান্ট ক্লাবটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

এ অবস্থায় এলাকার সচেতন তরুণরা ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হন। তাদের উদ্যোগে দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. সাঈদ হামিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুবিল্যান্ট ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ঐতিহ্যের অংশ।

ক্লাবটির কার্যক্রম পুনরুজ্জীবিত হলে তরুণদের মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম চালু, সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে।

এলাকার বাসিন্দারা জুবিল্যান্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পুনরুদ্ধারকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছেন।