

খুলনা ব্যুরোঃ গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে জনমত তুলে ধরার লক্ষ্যে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশকে ঘিরে প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ২০ জুন দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শহর ও গ্রামাঞ্চলে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। ইতোমধ্যে মাইকিং, লিফলেট বিতরণসহ সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সমাবেশে আগত নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, দুর্নীতি, দলীয়করণ ও লুটপাটের কারণে বিএনপির ঘোষিত রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রয়োজন হলে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগের নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা।
আপনার মতামত লিখুন :