

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনায় থানা পর্যায়ে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) নগরীর বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের মাধ্যমে আগামী দিনের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজ্জাদ হোসেন। এছাড়া বক্তব্য দেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রুমানাই ইয়াসমিন।
খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দুপুরে নগরীর সোনাডাঙ্গা রেভারেন্ড পলস হাই স্কুলের অডিটোরিয়ামে কোতোয়ালী থানা পর্যায়ের স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
ড. এস এম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা এবং কোতোয়ালী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন।
পরে কেসিসি প্রশাসক নগরীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
সকালে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কার্যালয়ে আয়োজিত মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, কমিটির সদস্যবৃন্দ এবং ওয়াকার্স ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :