• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম শফিকুল আলম মনা


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন / ৪২
কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম শফিকুল আলম মনা

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নগর উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, খুলনাকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে নগরবাসী শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারে।

এস এম শফিকুল আলম মনা আরও বলেন, কেডিএর চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার পাশাপাশি নতুন পরিকল্পনার মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব পালনে খুলনাবাসীর সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়েই একটি আধুনিক ও দৃষ্টিনন্দন খুলনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে কেডিএ।

উল্লেখ্য, এস এম শফিকুল আলম মনা খুলনা মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগের মাধ্যমে প্রায় ২৮ বছর পর কেডিএর চেয়ারম্যান পদে কোনো বেসামরিক ব্যক্তি দায়িত্ব লাভ করেছেন।