• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

তেরখাদায় আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন / ১১
তেরখাদায় আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, তেরখাদা, খুলনাঃ খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা মানুষের কল্যাণে কাজ করা ‘আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সংস্থার নতুন কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আটলিয়া গ্রামে সংস্থার নতুন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গত দেড় বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এ পর্যন্ত এক লাখ টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ৪২ জন প্রতিবন্ধী, দুস্থ, অসহায় ও বিধবা নারীসহ বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছেন।

সংস্থাটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তি, অসহায় নারী, বিধবা এবং আর্থিক সংকটের কারণে মেয়ের বিয়ে দিতে অক্ষম পরিবারকে সহযোগিতা করা।

সভায় বক্তারা বলেন, মানবসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক মনোভাব নিয়ে কাজ করছে আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থা। এ মহতী উদ্যোগকে আরও এগিয়ে নিতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় আটলিয়া ও পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী ব্যক্তিদের সংস্থার সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের অনুরোধ করা হয়। অনুদান সরাসরি জমা রসিদের মাধ্যমে অথবা ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে দেওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সিকদার শহিদুল ইসলাম, মুন্সি ফরিদ আহমাদ, সাবেক চেয়ারম্যান শেখ কাবির আহমাদ, সমাজসেবক সিকদার মিজানুর রহমান, সংস্থার পরিচালক ও উলামা বোর্ডের সদস্য মাওলানা হুমায়ুন কবীর, উলামা পরিষদের সদস্য মাওলানা উচমান গনি, সাবেক মেম্বার ডা. পারভেজ (মিল্টন), উলামা পরিষদের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান এবং সংস্থার হিসাবরক্ষক এস এম মুহাম্মাদ আলীসহ কমিটির অন্যান্য সদস্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ হোসাইন।

সংস্থার পরিচালক মাওলানা হুমায়ুন কবীর জানান, আটলিয়া গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী ব্যক্তিরাও সংস্থার সদস্য হতে পারবেন। সংস্থার নীতিমালা অনুসরণ করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা কার্যক্রমের আওতায় আনা হবে।

মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার মূল অঙ্গীকার।

যোগাযোগ ও অনুদান: ঠিকানা: গ্রাম ও ডাকঘর আটলিয়া, তেরখাদা, খুলনা। ব্যাংক হিসাব নম্বর: ২০৫১১২০০২৯৫০৯, বিকাশ: ০১৭২৮-৯১৭৫৬৬, মোবাইল: ০১৮২০-২৫৫৯১৭, ০১৯১৭-৭৮৩১৭৮৭

ই-মেইল: allhsanterokhada@gmail.com

আহ্বানে: মাওলানা হুমায়ুন কবীর, পরিচালক, আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থা।