

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম।
আলোচনার একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা মনে করেন, খতিবের বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। হঠাৎ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত যথাযথ হয়নি।
স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানোতেই সীমাবদ্ধ নয়, ধর্মীয় আলোচনায় সত্য ও ন্যায়ের কথা বলাও তাঁর দায়িত্বের অংশ। বক্তব্য নিয়ে কোনো আপত্তি থাকলে আলোচনা করে সমাধানের সুযোগ ছিল।
অব্যাহতির বিষয়ে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয় ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন।
তাঁর অভিযোগ, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :