• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ : আতঙ্ক


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৯:২০ অপরাহ্ন / ১৩
খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ : আতঙ্ক

খুলনা ব্যুরোঃ খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহর লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ফুলবাড়ীগেট শহীদ মিনারের সামনে সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগে নগরীর শিববাড়ী মোড়ে জনসভা চলাকালে বহরের কয়েকটি গাড়ি ফুলতলার পথে রওনা হয়। গাড়িগুলো ফুলবাড়ীগেট এলাকা অতিক্রম করার পর পেছনের গাড়িগুলো আসার আগেই শহীদ মিনারের সামনে সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।