• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় মাগুরায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন / ৯
এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় মাগুরায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর সহ্য করতে না পেরে পৃথক স্থানে দুই শিক্ষার্থীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন—মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার উভয়েই মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন।

পরিবারের অগোচরে একপর্যায়ে তারা চরম পথ বেছে নেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন জানায়, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে উভয় পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।