• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

খুলনায় রোপণ করা গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসির


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন / ১
খুলনায় রোপণ করা গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসির

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা নগরীতে সরকারি উদ্যোগে সদ্য রোপণ করা গাছ নষ্ট, ক্ষতিসাধন এবং গাছ লাগানোর স্থান দখল করে দোকানপাট বসানোর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট থানা ও কেসিসির কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন নগরীতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন সড়ক, উন্মুক্ত স্থান ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২৩ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে।

কেসিসি সূত্রে জানা যায়, বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের এলাকা, মুজগুন্নী মহাসড়কের নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত, নিরালার মোড়, সিটি কলেজ হোস্টেলের সামনের এলাকা এবং তাবলিগ মসজিদসংলগ্ন এলাকায় এসব গাছ রোপণ করা হয়েছে।

তবে রোপণের পরপরই বিভিন্ন স্থানে চারাগাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। কোথাও গাছের জায়গা দখল করে হকার ও ব্যবসায়ীরা দোকানপাট বসিয়েছেন। আবার কোথাও গাছের ওপর ইট, বালু, খোয়া ও নির্মাণসামগ্রী রেখে চারাগাছ ও সুরক্ষাবেষ্টনী ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি গবাদিপশু ছেড়ে দিয়ে গাছ খাওয়ানোর ঘটনাও ঘটছে।

বিশেষ করে নগরীর দৌলতপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা থেকে বিজিবির ৩ নম্বর গেট পর্যন্ত মুজগুন্নী মহাসড়কে রোপণ করা ২০০টিরও বেশি গাছ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পাবলা দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মো. ইব্রাহিমের বিরুদ্ধে তার পালিত ৮ থেকে ৯টি গরু ছেড়ে দিয়ে গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। বারবার সতর্ক করার পরও গরুগুলো ছেড়ে রাখায় কেসিসির সবুজায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব শেখ মো. জুলফিকার আলী। এ বিষয়ে ২৬ নভেম্বর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সাধারণ ডায়েরি (জিডি) অথবা অভিযোগ দায়ের করে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এদিকে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা গাছের ক্ষতিসাধন এবং গাছ লাগানোর স্থান অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে কেসিসি। প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদের স্বাক্ষরিত ওই পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে খুলনা সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কেসিসির এস্টেট অফিসারকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সরকারি অর্থে রোপণ করা গাছ সংরক্ষণে কোনো ধরনের অবহেলা বা দখলদারত্ব বরদাশত করা হবে না। গাছ নষ্ট, ক্ষতিসাধন কিংবা রোপণের স্থান দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।