

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিপ্রাপ্তদের ঠিকানা ও প্রাক-জীবনবৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) যাচাইয়ের মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অথচ খোদ সেই মন্ত্রণালয়েই জেলা কোটা সুবিধা নিতে ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে দীর্ঘ ১০ বছর চাকরি করার অভিযোগে ফারজানা আক্তার নামে এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। সম্প্রতি চাকরিচ্যুতির পর পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং সাংবাদিক ও নিরীহ মানুষদের বিরুদ্ধে হয়রানিমূলক ‘মামলা বাণিজ্যে’ জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর পদের এই সাবেক কর্মীর বিরুদ্ধে।
চাকরিচ্যুতির নেপথ্য ঘটনাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা যায়, ফারজানা আক্তারের প্রকৃত স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বলে স্পষ্ট উল্লেখ ছিল।
কিন্তু নিয়োগ পেতে ফারজানা পিরোজপুরের পরিবর্তে রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করেন এবং ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে যোগদান করেন।
চাকরিতে যোগদানের পর পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রাক-জীবনবৃত্তান্ত যাচাই প্রতিবেদনে তাঁর ভুয়া ঠিকানা ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি প্রশ্রয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তথ্য গোপনের কারণে বিধি অনুযায়ী তাঁর চাকরি কখনোই স্থায়ী হয়নি।
সম্প্রতি ফারজানা আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘদিন চাকরি করলেও স্থায়ী না হওয়ার বিষয়ে অভিযোগ করেন। উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখে চাকরি স্থায়ীকরণের নির্দেশ দিলে সুরক্ষা সেবা বিভাগ তাঁর ব্যক্তিগত নথি তলব করে।
নথিতে ঠিকানা জালিয়াতির প্রমাণ মেলায় এবং এসবি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ায় গত ২৮ জানুয়ারি তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে চাকরি জীবনে গৃহীত যাবতীয় বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাশকতা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগঃ
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি অনুযায়ী, চাকরিচ্যুতির পর ফারজানা আক্তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দলটি পুনরায় ক্ষমতায় ফিরলে চাকরি ফিরে পাবেন—এমন আশায় তিনি সরকারবিরোধী নানা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, নিজের প্রভাব খাটাতে এবং আর্থিকভাবে লাভবান হতে তিনি বিভিন্ন পেশাদার সাংবাদিক, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ‘মামলা বাণিজ্য’ পরিচালনা করছেন বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তিনি মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
মন্ত্রণালয় ও পুলিশের বক্তব্য:এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারি চাকরিতে তথ্য গোপন ও জালিয়াতি একটি গুরুতর অপরাধ। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সরকারি কোষাগারের অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নাশকতা ও মামলা বাণিজ্যের অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “চাকরিচ্যুত ওই কর্মীর বিরুদ্ধে ওঠা নাশকতার পরিকল্পনা ও হয়রানিমূলক মামলা বাণিজ্যের অভিযোগগুলো গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন বিশেষজ্ঞদের মতামত:এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞদের মতে, ভুয়া তথ্য ও জাল কাগজপত্র দিয়ে সরকারি চাকরি গ্রহণ দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪৬৮ (জালিয়াতি) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, সরকারি অর্থ ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে সরকারি দাবি আদায় আইন (পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট) অনুযায়ী সার্টিফিকেট মামলা করা যায়। আইনজ্ঞরা আরও বলেন, চাকরিচ্যুতির পর কেউ যদি রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা করেন বা মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করেন, তবে বিদ্যমান ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ও বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
অভিযুক্তের বক্তব্যঃ এসব অভিযোগের বিষয়ে জানতে ফারজানা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ বিষয়ে আমি মোবাইল ফোনে কোনো ধরনের মন্তব্য করতে চাই না। আপনি সামনাসামনি এসে কথা বলুন। আমার অফিসে আসুন।” এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, চাকরিচ্যুতির পর থেকে তিনি আর অফিসে আসছেন না।
আপনার মতামত লিখুন :