

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। যার ফলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সর্বস্তরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
এরই ধারাবাহিকতায় লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে সম্ভাব্য মেম্বার পদে প্রার্থী হওয়ার জোরালো আগ্রহ প্রকাশ করেছেন খড়িয়া গ্রামের মরহুম ইসমাইল সরদারের সুযোগ্য পোতা বউমা ও মোঃ সাঈদ সরদারের স্ত্রী সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবিকা মোছাঃ নাজমা আক্তার (আঁখি)।
ইতিমধ্যেই তিনি উক্ত ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকমককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে লস্কর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো
তিনি আরও জানান, তাঁর মূল লক্ষ্য থাকবে পাঁচটি বিষয়ে, শিক্ষা খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিতকরণ। বিশেষ করে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের অবহেলিত এলাকার মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
নির্বাচিত হলে তিনটি ওয়ার্ডকে মাদক ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি মেম্বার হলে আমার দরজা ও হিসাব সবার জন্য খোলা থাকবে, ঘুষের লেনদেন চিরতরে বন্ধ হবে এবং উন্নয়নমূলক কাজ সচল থাকবে। আমি মূলত জনগণের শাসক হতে চাই না, সেবক হতে চাই।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক পরিচয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং খেলাধুলার উন্নয়নে নাজমা আক্তার আঁখির সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক চালক, ঘের ব্যবসায়ী ও কৃষকদের সহ সর্বস্তরের মানুষের কাছে তিনি ইতিমধ্যে আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, নাজমা আক্তার আঁখি সবসময় গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেন এবং বিপদে-আপদে তাঁকে সবসময় পাশে পাওয়া যায়।
এদিকে তরুণ ভোটারদের মতে, একজন সৎ, যোগ্য সমাজ সেবিকা ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি এ তিন ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তৃণমূল পর্যায়ে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় আসন্ন নির্বাচনে তিনি জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলেও স্থানীয়রা মনে করছেন।
পরিশেষে নাজমা আক্তার আঁখি বলেন, আমি সর্বদা এ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে ছিলাম আছি আর থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
আপনার মতামত লিখুন :