• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় সুদের টাকার দাবিতে এক ভ্যানচালকের ওপর হামলা


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন / ০
খুলনার ডুমুরিয়ায় সুদের টাকার দাবিতে এক ভ্যানচালকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাসানপুর এলাকায় ঋণের মূল টাকা পরিশোধের পরও সুদের টাকা দাবিকে কেন্দ্র করে এক ভ্যান চালকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সুদ ব্যবসায়ী ও তাঁর সহযোগীর বিরুদ্ধে।

এ ঘটনায় মো. জামির মোড়ল (৫৭) নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাসানপুর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জামির মোড়ল বাদী হয়ে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পেশায় ভ্যান চালক জামির মোড়ল পারিবারিক প্রয়োজনে প্রায় সাত মাস আগে পূর্ব পরিচয়ের সূত্র ধরে হাসানপুর গ্রামের মো. সালামের কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। চার মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে নেওয়া ওই ঋণের মূল ৩০ হাজার টাকা নির্ধারিত সময়ের পর তিনি পরিশোধ করেন। তবে মূল টাকা ফেরত দেওয়ার পরও অতিরিক্ত সুদের টাকা দাবি করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জামির মোড়ল নিজের ভ্যান নিয়ে বাড়ি থেকে হাসানপুর খেয়াঘাটে পৌঁছালে সালাম ও তাঁর ভাগ্নে রসুল তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা জামিরের কাছে সুদের টাকা দাবি করেন। কীসের টাকা দিতে হবে, তা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সালাম ও রসুল তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত জামির মোড়লের পরিবারের দাবি, ঋণের মূল টাকা পরিশোধ করার পরও অতিরিক্ত সুদের টাকা দাবি করা হচ্ছিল। এর জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় জামির মোড়ল বাদী হয়ে সালাম ও তাঁর ভাগ্নে রসুলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঋণের মূল টাকা পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দাবি এবং এ নিয়ে হামলার অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।