• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সঙ্গীতশিল্পী জামাল উদ্দিন নাছিরের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন / ২
সঙ্গীতশিল্পী জামাল উদ্দিন নাছিরের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধানঃ বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন নাছিরের মমতাময়ী মা মরহুমা মরিয়ম বেগমের রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আসরের নামাজের পর খুলনার বসুপাড়া গোরস্থান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমা মরিয়ম বেগম গত সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিজ এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সবার প্রিয় নারী হিসেবে পরিচিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ ছাড়া যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক এ কে আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা মরিয়ম বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।