

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময়, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং একাডেমিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষক ক্লাবের পুনরায় উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পাঠদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষক-কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কও একটি সুন্দর একাডেমিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করি, শিক্ষক ক্লাবটি শিক্ষকদের পারস্পরিক মতবিনিময়, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের মানসিক বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের জন্য ক্লাবটিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে গড়ে তোলা হবে। তিনি ক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ক্লাবটি চালু হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :