• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মাছের সাথে এ কেমন শত্রুতা! শ্রীপুরে বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার পোনা নিধন


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন / ২৩
মাছের সাথে এ কেমন শত্রুতা! শ্রীপুরে বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার পোনা নিধন

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ ব্যক্তিগত শত্রুতার জেরে অবলা প্রাণীদের ওপর প্রতিহিংসা মেটানোর এক জঘন্য ঘটনা ঘটেছে মাগুরার শ্রীপুরে। উপজেলার হোঙ্গলডাঙ্গা মাঠবিলে এক মৎস্য চাষির পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে বিপুল পরিমাণ ধানীপোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী চাষি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বল বিশ্বাস তার মাঠবিলে ১৭ শতাংশ জমির পুকুরে রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষের উদ্দেশ্যে দেড় কেজি ধানীপোনা মাছের ডিম ছেড়েছিলেন। গত ১৫ দিন ধরে পরিচর্যার পর মাছগুলো প্রায় এক ইঞ্চির মতো বড় হয়েছিল।

গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে শত্রুতা বশত কে বা কারা পুকুরের পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেয়। শনিবার সকালে উজ্জ্বল বিশ্বাস পুকুরে গিয়ে দেখেন, তার স্বপ্নের কয়েক লক্ষ ধানীপোনা মাছ মরে পানিতে ভেসে আছে।এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত চাষি উজ্জ্বল বিশ্বাস বলেন, রাতের আঁধারে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই অমানবিক ঘটনার সঠিক বিচার চাই।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।