

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনায় নবীন আইনজীবীদের উদ্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রথমেই দক্ষ, সৎ ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করতে হবে। তিনি জানান, আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে খুব শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে।
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজ্ঞ বিচারক তৈরি করতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বিচার বিভাগকে যদি প্রভাবমুক্ত রাখা যায়, তাহলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু, আমীর এজাজ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং হুরে জান্নাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :