

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানাকে জেলগেট থেকে পুনরায় আটক করেছে পুলিশ। হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই তাকে আটক করা হয়।
শুক্রবার (৮ মে) সকালে মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। আটক কাজী সোনিয়া সুলতানা মৃত জামিল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলা কারাগারে ছিলেন সোনিয়া সুলতানা। সম্প্রতি উচ্চ আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়।
তবে কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ফের আটক করে থানায় নিয়ে যান।
পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সোনিয়া সুলতানার বিরুদ্ধে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরার জামরুলতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সোনিয়া সুলতানা। পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় জামিন পেলেও নতুন করে নাশকতার মামলায় জড়িয়ে তাকে আবারও হেফাজতে নিল পুলিশ।
আপনার মতামত লিখুন :