• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

খুলনার যুবলীগ নেতা শওকত ওরফে কালা শওকাত কারাগারে


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন / ১৮৩
খুলনার যুবলীগ নেতা শওকত ওরফে কালা শওকাত কারাগারে

খুলনা অফিসঃ খুলনা মহানগর যুবলীগের নেতা হোসেন ওরফে ‘কালা শওকত’-কে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার তাকে চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে খুলনায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খুলনার শেখবাড়ির আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শওকত হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্টনের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। পরে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় শওকত বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে খুলনার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। ভুক্তভোগীরা তার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শওকতের অবৈধ অস্ত্রের ভান্ডার এখনও তার ভাইদের নিয়ন্ত্রণে রয়েছে।