• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে উন্নয়ন কাজে এমপি পরিদর্শন নিম্নমানের সামগ্রী কাজ বন্ধের নির্দেশ


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন / ৪
সুনামগঞ্জের মধ্যনগরে উন্নয়ন কাজে এমপি পরিদর্শন নিম্নমানের সামগ্রী কাজ বন্ধের নির্দেশ

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ এমপি কামরুজ্জামান কামরুল পরিদর্শন করেন। নিম্নমানের নির্মাণসামগ্রীর কাজ বন্ধের নির্দশ। পরিদর্শন কালে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট-বালি ব্যবহার করায়, ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এ সময় তিনি কাজ বন্ধ রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু ও মধ্যনগর থেকে টুকের বাজার পর্যন্ত সাবমার্সিবল সড়কের কাজ এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের চলমান কাজ পরিদর্শন করেন। উড়াল সড়ক প্রকল্পের এ প্যাকেজের ব্যয় ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।

পরিদর্শনকালে উড়াল সড়ক প্রকল্পের কাজে নিম্নমানের ইট-বালি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। এ সময় সঙ্গে থাকা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ মুন্সি শাহাব উদ্দিনকে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে নির্ধারিত মানের ইট, বালি ও পাথর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি এবং ফাঁকিবাজি চলবে না। আজ কয়েকটি কাজের সাইট পরিদর্শন করেছি। যেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী পেয়েছি, সেগুলো পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি। তাছাড়া গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, কোথাও কাজের কোনো ধরনের অনিয়ম দেখতে পেলে সরাসরি আমাকে জানাবেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরে তিনি মধ্যনগরে রাত্রিযাপন করেন।

উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার,মধ্যনগর থানার এসআই আমির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।