• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৩:১০ অপরাহ্ন / ১২
মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় বিজয়া দশমীর আনন্দ উদযাপনের রাতে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ও বিষাক্ত অ্যালকোহল পানের পর অসুস্থ হয়ে এক মুসলিম যুবকসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আজ সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত যুবকরা হলেন মাগুরা জেলা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মকরর্দ্দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে পূজা উদযাপন উপলক্ষে আলমগীর লস্কর ও বিধান বিশ্বাস তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে একত্রিত হয়ে অ্যালকোহলজাতীয় তরল পান করেন। মদ্যপানের কিছুক্ষণ পর থেকেই দুজনই চরম শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দিয়ে সটকে পড়ে।

​পরবর্তীতে শেষরাতে আলমগীরের প্রচণ্ড শারীরিক যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অন্যদিকে, একই রাতে ভীষণ অসুস্থ হয়ে পড়েন বিধান বিশ্বাসও। পরিবারের লোকজন ভোররাতে তাকে একই হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তারও মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত অ্যালকোহল বিষক্রিয়ার (Alcohol Toxicity) কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর মূল কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রয়োজন।

​শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত বা অতিরিক্ত মদপানের কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।