• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

তরুণদের সুস্থ জীবনধারায় ফেরানোর উদ্যোগ ফুটবল বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন / ৩৪
তরুণদের সুস্থ জীবনধারায় ফেরানোর উদ্যোগ ফুটবল বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নে শিক্ষার্থী ও কিশোর-তরুণদের মাদকমুক্ত রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণদের মাঝে ফুটবল ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান আলী।

​এই ধারাবাহিকতায় কমলাপুর গ্রামের স্থানীয় মাঠে কিশোরদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাধানগর মাধ্যমিক বিদ্যালয় ও দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও খেলাধুলার নানা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে শিক্ষার্থী ও এলাকার তরুণদের উদ্দেশ্যে মোঃ হাসান আলী বলেন, “শিক্ষার্থীদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। তবে এর পাশাপাশি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন। কারণ, একটি সুস্থ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ও ক্রীড়াচর্চা দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।”
​তিনি আরও জোর দিয়ে বলেন, “আমাদের এলাকার প্রতিটি শিশু-কিশোর যেন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে, মাঠে খেলার সুযোগ পায় এবং কোনোভাবেই মাদক, অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয়—সে বিষয়ে পরিবার, শিক্ষক ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
​সময় ও স্বাস্থ্যের সঠিক গুরুত্ব তুলে ধরে তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন, “পড়াশোনাকে সবার আগে অগ্রাধিকার দিয়ে নিয়মিত খেলার মাঠে আসুন। শরীর ও মন ভালো রাখার পাশাপাশি নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এখন থেকেই ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন।”

বক্তব্যে তিনি এলাকার খেলার মাঠগুলো সংরক্ষণ, খেলার উপযুক্ত পরিবেশ তৈরি এবং তরুণদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ, মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক মূল্যবোধ গঠনে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।