• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে যুবককে হত্যা : প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় ঘটল হত্যাকাণ্ড


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৮:১১ অপরাহ্ন / ১১
ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে যুবককে হত্যা : প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় ঘটল হত্যাকাণ্ড

আল ইমরান, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় তরিকুল ইসলাম ওই চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্তের অপেক্ষা রয়েছে।