• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন / ১৮
খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে খুলনা থানাধীন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সন্ধানী ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর চালায়।

হঠাৎ এ হামলায় ক্লিনিকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী, স্বজন ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানা গেছে।