• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা : গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন / ৮
গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা : গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে পুলিশের গাড়িটি ভাঙচুর করা হয়।

এ সময় গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে ভাঙচুরের পরপরই পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে কী পরিস্থিতিতে তারা সেখান থেকে সরে যান, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।