• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

খুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই বাসকে সতর্ক করল বিআরটিএ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন / ৬৪
খুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই বাসকে সতর্ক করল বিআরটিএ

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা থেকে ঢাকাগামী নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের সংশ্লিষ্টদের সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনের কাউন্টারে অভিযান ও ভাড়া তদারকি করা হয়। বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিয়ে ৭৫০ টাকা করে টিকিট বিক্রির বিষয়টি উঠে আসে। পরে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি বাস কাউন্টারে সরকারের নতুন নির্ধারিত ভাড়ার তালিকাও সরবরাহ করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ বলেন, নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টারে সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এরপরও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর পক্ষ থেকে যাত্রীদেরও ভ্রমণের আগে কাউন্টারে প্রদর্শিত সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা দেখে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।