

খুলনা অফিসঃ খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ নিহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থানকালে মাসুম বিল্লাহর ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তাৎক্ষণিক অভিযানে অশোক ঘোষকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :