• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ক্যাব রংপুরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন / ৪৭
ক্যাব রংপুরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থে চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রংপুর জেলার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রংপুর নগরীর পশ্চিম খাসবাগ, জি.এল. রায় রোডে ক্যাব রংপুর জেলা অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমান।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভোক্তাদের অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাবের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, একটি সংগঠনকে এগিয়ে নিতে হলে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে সংগঠনকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া এবং ভোক্তা অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার ক্যাব করে আসছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ক্যাব দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্বঃ সাধারণ সভার শেষ পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাজ্জাদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. আল-আমিন এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. ফরহাদ হোসেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে হাত তুলে সমর্থনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে আব্দুর রহমানকে সভাপতি এবং মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

নির্বাচন কমিশনাররা বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সদস্যদের সম্মতিক্রমেই নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হয়।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে রংপুরে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম আরও বিস্তৃত হবে।

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানঃ সভা শেষে নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান আবেগঘন বক্তব্যে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ক্যাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয়, সংগঠনের প্রত্যেক সদস্যকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সংগঠনের দায়িত্ব শুধু কয়েকজনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক সদস্যকে ভোক্তাদের অধিকার, নিরাপদ খাদ্য এবং জনস্বার্থের বিষয়গুলো নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে রংপুরের কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তারা বলেন, বাজারে ভেজাল ও অনিরাপদ খাদ্য, পণ্যের অতিরিক্ত মূল্য, ভোক্তা হয়রানি এবং নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ আন্দোলনকে আরও শক্তিশালী করতে সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

সভায় ক্যাব রংপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।