• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি,আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা : ডিবি প্রধান


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন / ৩
অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি,আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে অস্ত্র হাতে মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মো. শফিকুল ইসলাম।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, এখনো এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

একজন মন্ত্রী কি পুলিশের কাজ করতে পারে? এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূজাকে কেন্দ্র করে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠে রয়েছেন। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার বিকালে ইশরাক হোসেন নিজের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন। একটি ভিডিওতে তাকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা ছিল। তবে অস্ত্রটি কী ধরনের, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্য ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডার জাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

অভিযানকালে ইশরাক হোসেন এলাকাবাসীর উদ্দেশে বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইশরাক বলেন, মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে এসে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের আটক করতে এলাকাবাসীর সহযোগিতাও চান তিনি।

আটক ব্যক্তিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাদের গায়ে কেউ হাত দেবে না। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে বিচার হবে। তাদের মারধর করার জন্য এ অভিযান চালানো হয়নি বলেও জানান তিনি।