• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন / ৯
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরোঃ খুলনার আড়ংঘাটা এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বর্তমানে খুলনার বৈকালী এলাকায় বসবাস করতেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি কীভাবে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল এবং এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও সিআইডি তদন্ত চালাচ্ছে।

তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।